আরব সফর শেষে শুক্রবার দেশে ফিরছেন আইসিটি প্রতিমন্ত্রী

৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৩  

মধ্যপ্রাচ্যে রাষ্ট্রীয় সফরের চতুর্থ দিনে বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদের লিপ ভিআইপি (LEAP VIP) লাউঞ্জে দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দ্বিপাক্ষিক এই বৈঠক বেশ ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৈঠকে উভয় দেশের প্রযুক্তি খাত ও স্মার্ট সিটি স্থাপনে বিনিয়োগ, যৌথ শিক্ষা সহযোগিতা এবং এআই, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর ও ন্যানো প্রযুক্তিতে যৌথ অংশীদারিত্বের বিষয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে "ডিজিটাল বাংলাদেশ" বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি এবং ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকল্প তুলে ধরেন। তিনি বলেন ভাতৃপ্রতিম সৌদি আরবের সঙ্গে ডিজিটাল রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিয়ে একসাথে কাজ করতে চাই। সৌদি তথ্যপ্রযুক্তি মন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্র দূত ডঃ জাবেদ পাটোয়ারী, প্রতিমন্ত্রী একান্ত সচিব মুশফিকুর রহমান ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এর আগে অর্থমন্ত্রণালয়ের অধীনে পুঁজিবাজারে তালিকভূক্ত বিনিয়োগ প্রতিষ্ঠান এলম ইনফরমেশন সিকিউরিটি কোম্পানির সিইও ডঃ আব্দুল রহমান আল-জাদাইয়ের সাথে বৈঠকে বাংলাদেশে ‘স্মার্ট সিটি’ গড়ার রূপকল্প নিয়ে আলোচনা করেন আলোচনা করেন আইসিটি প্রতিমন্ত্রী।

আলোচনায় স্মার্ট সিটিতে রূপান্তরে আন্তর্জাতিক পর্যটন এবং ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় সবুজ প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। সেই লক্ষ্যে আইসিটি নির্ভর স্মার্ট সিটি গঠনে এলম এর সঙ্গে প্রযুক্তি, আর্থিক এবং কৌশলগত চুক্তির বিষয় নিয়ে আলোচনা করেছেন উভয়েই।

প্রযুক্তি সম্মেলন ও মন্ত্রিসভা বৈঠকে অংশগ্রহণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শীর্ষ পর্যায়ের দ্বি-পাক্ষিক বৈঠক শেষে ওমরাহ পালনের মাধ্যমে মহান রবের দরবারে নিজের পাশাপাশি দেশ ও জাতির শান্তি কামনা করেন জুনাইদ আহমেদ পলক। এই প্রতিবেদন লেখার সময় তিনি সম্পন্ন করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ১০ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।